দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি এবং ভ্যান চোর চক্রের বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
রোববার (১ নভেম্বর) বিকেলে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার চার মাদক কারবারি হলেন মান্দা উপজেলার রঘুনাথপুর এলাকার আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপজেলার শেরপুর কুড়ালিপাড়া এলাকার মোশাররফ (৩৩) এবং বদলগাছী উপজেলার শিলং (২৩) ও আরাফাত (২৩)।
অন্যদিকে ভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নর্দগ্রাম এলাকার মো. সালাম (৪৮) ও তার ছেলে মো. নয়ন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মান্দা থানা এলাকায় মাদকের বড় চালান মজুতের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেনের বাড়িতে একটি স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে মোশাররফের দেওয়া তথ্যের ভিত্তিতে বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে শিলং ও আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকেও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে চারজনের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মধু কেনাবেচার কথা বলে ভাড়া নিয়ে একটি ভ্যান চুরি করে চক্রটি। গত ২৬ অক্টোবর বাহাদুর নামের এক ব্যক্তি এ ঘটনায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ, নওগাঁ শহরের গোস্তহাটি এলাকা থেকে মধু বিক্রির কথা বলে প্রতারক চক্রটি তার ভ্যান ভাড়া নেয়। পরে চালককে কৌশলে সরিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় তারা। ভ্যানটি ছিল তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহ করে নাটোরে অভিযান চালিয়ে চোরাই ভ্যানসহ চক্রের মূলহোতা সালাম ও তাঁর ছেলে নয়নকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ৮০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে হারানো বা খোয়া যাওয়া মোট ৫১৭টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে আই